ঘেরের পাড়ে রক্তের ছোপ, পানিতে ভাসছিল মরদেহ

যশোরের মণিরামপুর উপজেলায় মাছের ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড়সংলগ্ন মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন একই এলাকার গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিধা বৈরাগী মোড়ের পাশে আনোয়ার ফকিরের ঘেরের পাড়ে রক্তের ছোপ এবং পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।