logo

নেত্রকোনা/হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
জামিন নামঞ্জুর হওয়ার পর নেত্রকোনার আদালতে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে জামায়াত নেতাকর্মীদের। ছবি : এশিয়া পোস্ট

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কোরবানির পশুর হাট ইজারা কেন্দ্র করে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোহাম্মদ রিয়াদ মাহমুদ।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলার আসামিরা পূর্বে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন জানান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত কোরবানির ঈদকে সামনে রেখে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা দিতে গত ১৯ মে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। পরদিন ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম শুরু হয়। নিলামে বিএনপি ও জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

নিলাম চলাকালে আগিয়া বাজারের ইজারা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আগিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহফুজুর রহমান ও জামায়াত কর্মী এবাদুল ইসলামসহ কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের বাইরেও দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়।

ওই ঘটনার জের ধরে ওই দিন বিকেলে আগিয়া বাজারে যুবদল নেতা শাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা চালানো হয় এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ ঘটনার পরদিন রাতে শাহরিয়ার ওমর শরীফ বাদী হয়ে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।