Advertisement

ইমামতিতে বাধা, কার দিকে ইঙ্গিত করলেন জামায়াত এমপি নাজিবুর

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
ইমামতিতে বাধা, কার দিকে ইঙ্গিত করলেন জামায়াত এমপি নাজিবুর
সংবাদ সম্মেলনে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি : এশিয়া পোস্ট

পাবনার সাঁথিয়ায় মসজিদে জুমার নামাজ ও ইমামতিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের পেছনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর ‘প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা’ রয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। একই সঙ্গে তিনি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ‘ইমাম হোসাইন অডিটোরিয়ামে’ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে নাজিবুর রহমান মোমেন বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী যদি দায়িত্বের বাইরে গিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেন, তাহলে এর দায় তাকেই নিতে হবে। প্রয়োজনে এর দায়ভার প্রধানমন্ত্রীকেও নিতে হবে। তিনি দাবি করেন, একটি বড় ধরনের ষড়যন্ত্র ছিল, জনগণ তা প্রতিহত করেছে।

এ সময় তিনি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের প্রত্যাহারের দাবি জানান। এমপি অভিযোগ করেন, ওসির বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং তিনি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি করছেন। হামলার শিকার ব্যক্তিরা মামলা করতে থানায় গেলে পুলিশ সহযোগিতা করেনি। তার দাবি, মামলার বিষয়ে ভুক্তভোগীদের বাধা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জুমার নামাজকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে লোকজন জড়ো করেছিল এবং পুলিশ তাদের হামলার সুযোগ করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, এ সময় তার সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয়েছে। বিএনপি তাদের ফ্যাসিবাদী চরিত্রের পরিচয় দিয়েছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমাকে ঠিকমতো নামাজ পড়তে দেওয়া হয়নি। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিলেও এর প্রভাব এখনো রয়েছে।

ইমামতি প্রসঙ্গে নাজিবুর রহমান মোমেন বলেন, আমাকে কে বলবে যে আমি মসজিদে ইমামতি করতে পারব না? জনগণ ভালোবেসে আমাকে ইমামতি করাচ্ছে। কারও অনুমতি নিয়ে যদি ইমামতি করতে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।

নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে তিনি আরও বলেন, আমার বাবার ফাঁসি হয়েছে, আমি তার সন্তান। তারা ভেবেছে হামলা করলে আমি ঢাকা বা লন্ডনে চলে যাব। কিন্তু আমি পালাব না।

জামায়াতেই এই এমপি দাবি করেন, বিকেলে একটি ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে ‘পরিকল্পিত নাটক’ সাজানো হচ্ছে। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তাদের দলের কেউ নন বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিক, পৌর আমির হাফেজ আব্দুল গফুর, জেলা যুব বিভাগের সেক্রেটারি তাইজুল ইসলামসহ জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিষয় :পাবনা