বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত করা ৮০০টিরও বেশি পাসপোর্ট তিন মাসেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। নির্দিষ্ট সময় পার হলেও গ্রাহকরা সেগুলো সংগ্রহ করতে না আসায় পাসপোর্ট বিতরণে জটিলতার মুখে পড়েছেন কর্মকর্তারা।
সংকট নিরসনে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার পাশাপাশি জেলার ১০টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার এশিয়া পোস্টকে জানান, পাসপোর্টগুলো সম্পূর্ণ তৈরি হয়ে আছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও গ্রাহকরা তা নিতে আসছেন না। এরই মধ্যে বিষয়টি আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানিয়েছি। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আশা করছি, গ্রাহকদের কাছে দ্রুত পাসপোর্টগুলো পৌঁছাতে পারব।
তবে কোন উপজেলার কতটি পাসপোর্ট আটকে আছে, সে সংক্রান্ত উপজেলাভিত্তিক তালিকা দিতে রাজি হননি তিনি।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এশিয়া পোস্টকে জানান, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সমস্যাটি উত্থাপন করা হয়েছে। সাধারণ মানুষ যেন দ্রুত তাদের পাসপোর্ট সংগ্রহ করে নেন, সে জন্য প্রতিটি উপজেলায় আমরা নানা কর্মসূচি দেব, যাতে পাসপোর্টগুলো মানুষ দ্রুত নেয়।
.png)






