logo

আমি চক্রান্তের শিকার : মাহমুদুর রহমান মান্না

আমি চক্রান্তের শিকার : মাহমুদুর রহমান মান্না

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চক্রান্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন। নির্বাচনি প্রচারণায় হুমকিসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপি আমাকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই আমি চক্রান্তের শিকার হয়েছি। মনোনয়ন বাছাই থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে। 

তিনি বলেন, শিবগঞ্জে মামলাবাণিজ্য হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন ৫ আগস্টের পর থেকে এখানকার থানায় কতগুলো মামলা হয়েছে। কারা মামলা করেছে, কাদের আসামি করা হয়েছে।

অভিযোগ তুলে তিনি বলেন, নারী সংগঠনের সদস্যরা ভয় পেয়েছে। প্রচারণা করতে বাধা দেওয়া হচ্ছে। গতকালও দেউলি ও মোকামতলায় একজন ক্যান্ডিডেট সরাসরি থ্রেট করেছে। কার বিরুদ্ধে এসব অভিযোগ এমন প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। 

তিনি বলেন, আমি বগুড়ায় আসার পর বিভিন্ন এলাকায় ঘুরেছি। এলাকার মধ্যে ক্যাম্পেইন হচ্ছে ক্ষমতায় যাচ্ছি, এ রকম। যারা আমার পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।