logo

মোবাইলের টর্চ আর মোমবাতির আলোয় চলছে চিকিৎসা

মোবাইলের টর্চ আর মোমবাতির আলোয় চলছে চিকিৎসা

বিদ্যুৎ না থাকায় জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতি ও মোবাইলের টর্চ জ্বালিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও চিকিসকদের। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে হাসপাতালের এই পুরো অবস্থার কথা এশিয়া পোস্টকে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের। তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় আমাদের মোমবাতি জ্বালিয়ে চিকিৎসাসেবা দিতে হয়েছে। জেনারেটরে ডিজেল না থাকায় এ সমস্যা হয়েছিল। 

তিনি বলেন, ‘আমাদের তো চিকিৎসাসেবা দিতে হবে, দেখা যায় ২৪ ঘণ্টায় ২২ ঘণ্টাই কারেন্ট থাকে না।’

গত ১৯ এপ্রিল থেকে এই অবস্থায় চলছে হাসপাতালটি। হাসপাতালের জরুরি বিভাগে কাজ চালাতে হয় মোমবাতির আলোয়। যা চিকিৎসাসেবার মান ও রোগী নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

পুরো উপজেলার তিন লাখের বেশি মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের ঘটনা।