logo

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন রাশেদুল ইসলাম (২৮), রেজাউল করিম (২৮), মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মঞ্জু মিয়া (৪০), লিটন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৬০), নিরফুল বেগম (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) ও শাবানা খাতুন (২২)। তারা সবাই দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী রাশেদুল ইসলামের সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রাশেদুল ইসলাম ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে যান। এ সময় মকবুল হোসেন সেখানে উপস্থিত হয়ে রাশেদুল ইসলামের সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে তারা মকবুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে নেওয়া হচ্ছে।