Advertisement

সমুদ্রে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে জীবিত উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
সমুদ্রে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে জীবিত উদ্ধার
বাবা হেলাল শেখের সঙ্গে ছেলে দীপ। ছবি : সংগৃহীত

পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে একসঙ্গে গোসলে নামলে বাবা নিখোঁজ হয়েছেন। পরে ছেলেকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কলাতলী সৈকতের সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারিসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ বাবা হেলাল শেখ মেহেরপুরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা ও তার ছেলে দীপ। এ ঘটনায় ছেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তার বাবা এখনও নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে ছেলে দীপকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করে। তবে নিখোঁজ হেলাল শেখের সন্ধানে জেলা প্রশাসন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

সৈকত কর্মীদের (বিচকর্মী) সুপারভাইজার মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত লাইফগার্ড ও উদ্ধারকর্মীরা সমন্বিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি চালানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে প্রিয়জনের এমন নিখোঁজের খবরে মেহেরপুরে হেলাল শেখের বাসভবনে ও স্বজনদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তারা হেলাল শেখকে দ্রুত জীবিত বা সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার প্রহর গুনছেন।

বিষয় :মেহেরপুর