নড়াইলে বৈরী আবহাওয়ায় পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

নড়াইলের মাঠজুড়ে এখন পাকা ধানের সোনালি সমারোহ। তবে টানা বৈরী আবহাওয়ার কারণে সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। এতে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
মাঠের অধিকাংশ ধান কাটার উপযোগী হয়ে উঠলেও ঝড়-বৃষ্টির কারণে কাটতে দেরি হচ্ছে। আবার যেসব কৃষক আগেভাগে ধান কেটে রেখেছেন, তারাও বিপাকে আছেন। বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় তা ঘরে তোলা ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে।
শনিবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক মাঠে পাকা ধান নুয়ে পড়েছে। নিচু জমিতে কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে উদ্বেগে দিন কাটছে কৃষকদের।
সদর উপজেলার কৃষক রুবেল শেখ বলেন, “এ বছর ধানের ফলন ভালো হলেও হঠাৎ ঝড়-বৃষ্টি আমাদের সব হিসাব নষ্ট করে দিয়েছে। পাকা ধান মাঠে পড়ে আছে। কেটে রাখলেও ভিজে যাচ্ছে। এখন দ্রুত কাটা, শুকানো ও ঘরে তোলাই সবচেয়ে বড় চিন্তা। আবহাওয়া অনুকূলে না থাকলে বড় ক্ষতির আশঙ্কা আছে।”
মাইজপাড়া এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, “দুই দিন আগে রোদ দেখে ধান কেটেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে তা ঘরে তুলতে পারিনি। আবহাওয়ার পূর্বাভাসে আরও কয়েক দিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে শুনে দুশ্চিন্তায় আছি।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর নড়াইলে ৫০ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা থাকলেও সাম্প্রতিক ঝড়-বৃষ্টি সেই সম্ভাবনায় ধাক্কা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আরিফুর রহমান বলেন, ঘনঘন ঝড়-বৃষ্টিতে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তিনি দ্রুত ধান কাটা, মাড়াই ও শুকানোর পরামর্শ দেন। পাশাপাশি নিয়মিত আবহাওয়ার তথ্য কৃষকদের জানানো হচ্ছে।