নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে ব্রিজের সামনে বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল।
দুর্ঘটনায় অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে বেশি হতাহত হয়েছেন। আহতদের নওগাঁ সদর হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস দুপুর আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯ বগি লাইনচ্যুত হয়েছে।
খাদিজা খাতুন বলেন, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন কতক্ষণ নাগাদ পৌঁছাবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৬-৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে খবর পেয়েছি।