logo

ছেলের নির্যাতনে বাড়িছাড়া বৃদ্ধ মা–বাবা

ছেলের নির্যাতনে বাড়িছাড়া বৃদ্ধ মা–বাবা

বগুড়ার ধুনট উপজেলায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে কৌশলে সব সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ মা–বাবার ওপর নির্যাতন চালিয়ে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার নির্যাতনের শিকার বৃদ্ধ সবুর আকন্দ (৬৫) বাদী হয়ে তার ছেলে আব্দুল হামিদ ও পুত্রবধূ ময়না খাতুনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুর আকন্দ একজন দরিদ্র কৃষি শ্রমিক ছিলেন। বয়সের ভারে বর্তমানে তিনি শারীরিকভাবে অক্ষম। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিন মেয়েকে আগেই বিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দুই ছেলের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করছিলেন তিনি। তার বসতভিটাসহ মোট ৫০ শতাংশ জমি ছিল। অভিযোগ অনুযায়ী, প্রায় আট বছর আগে বড় ছেলে আব্দুল হামিদ কৌশলে পুরো জমি নিজের নামে লিখে নেন। এরপর থেকেই বাবা–মাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা শুরু করেন।

এলাকাবাসী জানান, আয়রোজগার করার মতো শারীরিক সক্ষমতা না থাকায় সবুর আকন্দ বর্তমানে মানুষের কাছে হাত পেতে চলেন। ছেলে আব্দুল হামিদ বাবা–মায়ের ভরণপোষণ দেন না। বরং স্ত্রীকে সঙ্গে নিয়ে তাদের ওপর শারীরিক ও অমানুষিক নির্যাতন চালান। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে সবুর আকন্দ স্ত্রীকে নিয়ে গত পাঁচ দিন ধরে পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর গ্রামে ছোট মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ভুক্তভোগী সবুর আকন্দ বলেন, নিজে না খেয়ে সন্তানদের মানুষ করেছি। আজ সেই সন্তান একবারও খোঁজ নেয় না, আমরা খেয়েছি কি না। জমি লিখে নিয়ে এখন মারধর করে, বাড়িতেও থাকতে দেয় না। বুড়ো বয়সে সন্তানের হাতে মার খেতে হচ্ছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।