logo
Advertisement

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ /১২ ঘণ্টার মধ্যেই স্কুলের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
১২ ঘণ্টার মধ্যেই স্কুলের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ
স্কুলের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দখল করে গড়ে তোলা অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মাথায় অভিযান চালিয়ে এই অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন।

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) এশিয়া পোস্টে ‘নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার মঞ্জুর বিরুদ্ধে বিদ্যালয়ের প্রায় ছয় শতক জায়গা বেআইনিভাবে দোকানভিটি হিসেবে বিক্রি ও স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে ধরা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক অতুল চন্দ্র নাথ জানান, স্কুলের জায়গা দখল করে বাণিজ্যিক দোকান তোলায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছিল।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, সরকারি বিদ্যালয়ের জমিতে তৈরি অবৈধ স্থাপনাটি প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পত্তি বেআইনিভাবে হস্তান্তর বা বিক্রির কোনো সুযোগ নেই।

অভিযানের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন জানান, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের জমি যাতে কেউ অবৈধভাবে দখল বা ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু দাবি করেন, তিনি সিডিএসপির সভাপতি থাকাকালে জায়গাটি তার দখলে ছিল। দীর্ঘদিন ধরে দখলে থাকা খাসজমি তিনি বিক্রি করেছেন।