logo

প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর ফোন চুরি

প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর ফোন চুরি
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে ঘিরে বিপুল জনসমাগমের মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় গিয়ে অন্তত ৯ জন নেতাকর্মী তাদের মোবাইল ফোন হারিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফোন হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটের ছেলে তাওসীফ আজাদ। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে।

আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন তার ছেলে মঞ্চের পেছনে অবস্থান করছিলেন। ওই সময় ভিড়ের সুযোগে তার ছেলের মোবাইল ফোনটি চুরি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজশাহীর রাজপাড়া থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় সাতটি জিডি নথিভুক্ত হয়েছে। এ ছাড়া বোয়ালিয়া থানায়ও একটি জিডি হয়েছে। তবে ফোন হারানোর পরও কেউ কেউ এখনো পুলিশের কাছে অভিযোগ করেননি।

ফোন হারানোর শিকার হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশাও। তিনি জানান, জনসভা শেষে মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তার পাঞ্জাবির পকেট কেটে মোবাইল ফোনটি নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের ফোন থেকে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো কিংবা বিব্রতকর কোনো পোস্ট প্রকাশিত হলে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ফরহাদ বাদশা। তিনি জানান, মঙ্গলবার রাত পর্যন্ত থানায় অভিযোগ করেননি। বুধবার থানায় গিয়ে জিডি করার পরিকল্পনা রয়েছে তার।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জনসভায় মোবাইল ফোন হারানোর ঘটনায় এখন পর্যন্ত সাতটি জিডি হয়েছে। হারানো ফোন উদ্ধারে পুলিশ কাজ করবে। এ ঘটনায় অপরাধে জড়িত কাউকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।