হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ২ শিশুর

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৪১ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৪৭ শিশু।
বুধবার (২৭ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২০ মে সকাল সাড়ে ৮টার পর নেত্রকোনার পূর্বধলা থেকে ১৭ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, হার্টের সমস্যা ও পানিস্বল্পতাজনিত ডায়রিয়ায় ভুগছিল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এ ছাড়া গত ১৬ মে রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে ৮ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, রক্তে মারাত্মক সংক্রমণ, মস্তিষ্কের স্থায়ী সমস্যা, মৃগী রোগ এবং সামগ্রিক বিকাশজনিত বিলম্বের মতো জটিলতায় ভুগছিল। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ২৭ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬২৩ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৭ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৫৩৫ শিশু।
