logo

কুমিল্লায় পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মৃত্যু

কুমিল্লায় পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মৃত্যু
মৃত দুই বোনের মরদেহ। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার দেবীদ্বারে পুকুরের গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়ির মরহুম সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই এলাকার ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার বড় মেয়ে সামিয়া (৯) ও ছোট মেয়ে সানিয়া (৭)। সামিয়া আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং সানিয়া প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃতের স্বজন ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার দুপুরে দুই বোন বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটলার সিঁড়ি থেকে পিছলে গভীর পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন সামিয়া এগিয়ে গেলে সেও পিছলে পড়ে পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, ওরা দুপুর সাড়ে ১২টার দিকে ওদের আত্মীয় হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় পানির নিচে তার পায়ে একটি শিশুর দেহ স্পর্শ করে। পরে পানির নিচ থেকে বড় বোন সামিয়ার নিথর দেহ উদ্ধার করেন। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে ছোট বোন সানিয়ার দেহও উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই বাড়ির বাসিন্দা শিরিন আক্তার বলেন, বিল্লাল হোসেনের তিন মেয়ের মধ্যে সামিয়া ও সানিয়া বড়। ছোট মেয়ে মরিয়ম আক্তারের বয়স দুই বছর। দুই বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তাদের দাফনও হয়ে গেছে। তারপরও এ বিষয়ে খোঁজ নিতে একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দিয়েছি।