logo

জাতীয় পথশিশু দিবসে কুমিল্লায় নেই সরকারি কর্মসূচি

জাতীয় পথশিশু দিবসে কুমিল্লায় নেই সরকারি কর্মসূচি
পথশিশু। ছবি : ইউনিসেফ বাংলাদেশ

জাতীয় পথশিশু দিবস উপলক্ষে কুমিল্লায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সরকারি কর্মসূচি নেওয়া হয়নি। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পথশিশুদের নিয়ে সচেতনতামূলক নানা আয়োজন থাকলেও কুমিল্লায় এবার সরকারি উদ্যোগে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় পথশিশু দিবস পালিত হচ্ছে। জাতীয়ভাবে পথশিশুদের অধিকার, সুরক্ষা, পুনর্বাসন ও সামাজিকভাবে সম্পৃক্ত করার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে দিবসটি পালিত হলেও কুমিল্লায় সরকারি কোনো আয়োজন না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার এবং সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আমিন সরকারি কোনো কর্মসূচি না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরীর বিভিন্ন সড়ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও জনবহুল এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের দেখা যায়। দিবসটি উপলক্ষে এসব শিশুর জন্য সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা, খাবার বিতরণ, কাউন্সেলিং বা পুনর্বাসনসংক্রান্ত উদ্যোগ নেওয়া যেত কি না—এমন প্রশ্নও উঠেছে। তবে দিবস উপলক্ষে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও পথশিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আমিন বলেন, বিভিন্ন এতিমখানা ও সরকারি শিশু পরিবারে কোনো শিশু ভর্তি হলে তার প্রয়োজনীয় খরচ সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বহন করা হয়। এ ছাড়া চাঁদপুরে একটি শিশু পুনর্বাসন কেন্দ্র রয়েছে। প্রয়োজন অনুযায়ী পথশিশুদের সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, দাউদকান্দিতে দুস্থ, এতিম ও প্রতিবন্ধী শিশুদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তবে সেখানে প্রশিক্ষণ নিতে শিশুর বয়স কমপক্ষে ১৫ বছর হতে হয়।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার বলেন, জাতীয় পথশিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কোনো আয়োজন নেই।