সিগারেটের ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

নরসিংদীর শিবপুরে নকল ব্যান্ড রোল ব্যবহার করে সিগারেট উৎপাদন এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে একাধিক সিগারেট কারখানায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ড রোল জব্দ ও নকল ব্যান্ড রোল সরবরাহকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার কামড়াবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন ফরিদপুর কোতোয়ালির বাটিকানাইপুর এলাকার মৃত মনিন্ড দত্তের ছেলে নেপাল দত্ত (৬৯) ও নরসিংদীর শিবপুর কামরাবো এলাকার মো. রকিব (২৫)।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। তিনি জানান, এনএসআই ও গোয়েন্দা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র নকল ব্যান্ড রোল সরবরাহের মাধ্যমে বিভিন্ন সিগারেট কারখানায় অবৈধভাবে সিগারেট উৎপাদনে সহযোগিতা করে আসছিল। বৈধ ব্যান্ড রোলের পরিবর্তে নকল ব্যান্ড রোল ব্যবহার করে সরকার নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা নকল ব্যান্ড রোলের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। প্রাথমিকভাবে আটক নেপাল বনিকের মাধ্যমে নকল ব্যান্ডরোল সরবরাহের একটি চক্র পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
