logo
Advertisement

হবিগঞ্জের হাওড়ে দুইপক্ষের সংঘর্ষ, কৃষক নিহত

হবিগঞ্জের হাওড়ে দুইপক্ষের সংঘর্ষ, কৃষক নিহত
হবিগঞ্জ সদর হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াসহ চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এসময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এশিয়া পোস্টকে জানান, পারিবারিক জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।