Advertisement

নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ, মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্য আটক

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ, মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্য আটক
আটক তিন মিয়ানমার নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের এক সেনা সদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন হেইন ডে হেট, কিয়াও নাইং এবং হেইন জাও। তাদের মধ্যে হেইন ডে হেট মিয়ানমার সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট এবং অপর দুজন দেশটির পুলিশ বাহিনীর সদস্য। আটক ব্যক্তিরা মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, সোমবার দুপুরে নাফ নদী পার হয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া বরফকল সংলগ্ন এলাকায় পৌঁছালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির টহল দল তাদের আটক করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে হেইন ডে হেট মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট, হেইন জাও পুলিশ সদস্য এবং কিয়াও নাইং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি (সীমান্তরক্ষী বাহিনী) ইউনিটের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে বন্দি ছিলেন বলে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২১ জুলাই) তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।