logo

মাদ্রাসার সাহায্য চেয়ে বাড়ি থেকে মোবাইল চুরি, ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাদ্রাসার সাহায্য চেয়ে বাড়ি থেকে মোবাইল চুরি, ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
রাজৈর থানা, মাদারীপুর। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের রাজৈরে মোবাইল চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে মেরজন শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে যান হাসিবুল খাঁ নামে এক ব্যক্তি। হুজুরের বেশে যাওয়া ওই ব্যক্তি এ সময় সুযোগ বুঝে ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে পালিয়ে যান। শনিবার সকালে টেকেরহাট বাজারে হাসিবুলকে দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন মেরজন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় লোকজন হাসিবুলকে আটক করে মারধরের পর রাজৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে। নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে।

এ ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।