logo

ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: টুকু

ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: টুকু
বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: এশিয়া পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, এ সংকটের ধাক্কা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে দেশে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিশ্বরাজনীতি এখন টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে, দেখা দিয়েছে জ্বালানি সংকটও। এ পরিস্থিতিতে বাংলাদেশ সঠিকভাবে চলতে না পারলে বড় ধরনের অর্থনৈতিক বিপদের মুখে পড়তে পারে।

তিনি বলেন, এই ইরান যুদ্ধের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেখান থেকে পরিত্রাণ পেতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে হলে আমাদের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং দেশকে সঠিক পথে নিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৭ বছরের শাসনের পর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত আন্দোলনে এ পরিবর্তন এসেছে। গণতন্ত্র ধরে রাখতে হলে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিজ নিজ কাজে ফিরে যেতে হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু ছাত্রনেতা সরকারে যোগ দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলনে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন মন্ত্রী।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।