ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হলেন মামুন

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
সোমবার (৬ জুলাই) রাতে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে স্বীয় ইউনিটের পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ বিষয়ে রিয়াজুল কবির মো. মামুন এশিয়া পোস্টকে বলেন, দেশগঠনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল তৃণমূল পর্যায়ে কাজ করবে। বিশেষ করে ২৩ নম্বর দফায় যুবকদের কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করতে যুবনীতি প্রণয়নের উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা ভূমিকা রাখবেন। দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে যুবদল সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বর্তমান কমিটির সভাপতি রুকুনোজ্জামান রোকনকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হলে ২০২৫ সালের ৩ জানুয়ারি সংগঠনের সহসভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। প্রায় দেড় বছর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে এবার তিনি পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পেলেন।





