logo
Advertisement

অস্ত্রসহ ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ফটিকছড়ি, চট্টগ্রাম
অস্ত্রসহ ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তার
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) কাঞ্চননগর ইউনিয়নের একটি টংঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোবারক কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার ‘শফির টিলা’ সংলগ্ন একটি টংঘরে সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যরা পালিয়ে গেলেও হাতেনাতে গ্রেপ্তার হন মোবারক হোসেন। তিনি ওই এলাকার টিলাপাড়ার বাসিন্দা আবু তাহেরের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে দুটি তরবারি, দুটি রামদা, একটি ধামা, একটি দা, একটি ছুরি, একটি লোহার শাবল, এসএস পাইপ ও লোহার রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।