সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, ভিসির পদত্যাগ দাবি

উপাচার্যের (ভিসি) পদত্যাগ দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তালা ঝুলিয়ে দিয়ে ভবনের সামনে অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার বেলা একটায় অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান বলেন, আন্দোলন চলছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তা চলবে। প্রয়োজনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নিয়ে তিনি বলেন, নিয়মিত পাঠদান ও পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। শুধু প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
