logo

দল থেকে বহিষ্কৃত ব্যক্তি অব্যাহতি দিলেন আরেক নেতাকে

দল থেকে বহিষ্কৃত ব্যক্তি অব্যাহতি দিলেন আরেক নেতাকে
দল থেকে বহিষ্কৃত মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী ও অব্যাহতি পাওয়া জাকির হোসেন মুন্সী। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ঢাকার সাভারের আশুলিয়ায় দল থেকে বহিষ্কৃত হওয়া এক ব্যক্তি বিএনপির আরেক নেতাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে তিনি নিজেকে বহিষ্কৃত হিসেবে মানতে নারাজ। তার দাবি, তিনি দলে আছেন। আরেক নেতাকে অব্যাহতি দেওয়ার নিদ্ধান্ত দলের স্বার্থে নেওয়া হয়েছে।

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন মুন্সীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে সাক্ষর রয়েছে আলহাজ্ব মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীর। সাধারণ সম্পাদক হিসেবে ডা. আসাদুল্লাহ আহমেদ দুলালের সাক্ষর রয়েছে।

সম্প্রতি আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জাকির হোসেন মুন্সীর বিরুদ্ধে মামলা হয়। আগেও কয়েকটি ঘটনায় আলোচনায় ছিলেন জাকির হোসেন মুন্সী।

তাকে অব্যাহতির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, পাইকারি বাজার, আড়ৎ এবং পরিবহন ফুটপাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আপনাকে সতর্কবার্তা প্রদান করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সতর্কবার্তা প্রদান করা সত্ত্বেও আপনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত হননি বলে অভিযোগ পাওয়া গেছে। আপনার বিরুদ্ধে দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিবোধ পরিপন্থি কর্মকাণ্ড অব্যাহত রাখার অভিযোগ রয়েছে, যা দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে।’

আরও উল্লেখ রয়েছে, ‘এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং জনমনে অশান্তি সৃষ্টির কারণ হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আপনাকে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি ও দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি দলের কোনো পদ-পদবি বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারবেন না।’

জাকির হোসেন মুন্সী বলেন, যিনি নিজে দল থেকে বহিষ্কৃত, তিনি কীভাবে আরেকজনকে পদ থেকে অব্যাহতি দেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পক্ষ মনগড়া নোটিশ তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।

প্রতিবেদকের হাতে আসা একটি বিজ্ঞপ্তিতে দেখা যায়–আলহাজ মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে চলতি বছরের ২৬ মার্চ বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। আশুলিয়া থানা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ পরিপন্থি বিতর্কিত কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. রাজীব খানের সাক্ষর রয়েছে।

ইলিয়াস শাহী বলেন, মাদ্রাসায় হামলার ঘটনা ও শৃঙ্খলাভঙ্গের কারণে জাকিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাকিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিজের বহিষ্কারের বিষয়টি অসত্য ও মিথ্যা দাবি করে ইলিয়াস শাহী জানান, তিনি বহাল তবিয়তে পদে রয়েছেন। দলীয় স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল গফুর মিয়া জানান, ইলিয়াস শাহী বিএনপি থেকে বহিষ্কৃত ব্যক্তি। বহিষ্কৃত নেতা দলের কাউকে অব্যাহতি দেওয়ার কোনো সাংগঠনিক ক্ষমতা বা এখতিয়ার রাখেন না। এই অব্যাহতির নোটিশ সম্পূর্ণ মূল্যহীন। তার নির্দেশ কার্যকর হওয়ার কোনো সুযোগ নেই।