দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোপকালে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তরুণ জনগোষ্ঠীকে কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব কমানোর পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। হাঁস-মুরগি উৎপাদনকারী খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সক্ষমতা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। তরুণ উদ্যোক্তাদের খামার স্থাপনে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের তরুণদের কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গেলে একদিকে বেকারত্ব কমবে, অন্যদিকে খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী আঞ্চলিক হাঁস প্রজনন খামার চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কসংলগ্ন ঝিলপুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। বিকেলে তিনি রূপসা উপজেলার জাবুসা এলাকার টোটাল সি ফুড প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শন করেন।