logo
Advertisement

কুড়িয়ে পাওয়া ডলার বিক্রির প্রলোভন দেখাতেন রশিদুল

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
কুড়িয়ে পাওয়া ডলার বিক্রির প্রলোভন দেখাতেন রশিদুল
ডিবির হাতে গ্রেপ্তার ডলার প্রতারক। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরে ডলার প্রতারক নামে পরিচিত রশিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তারকৃত রশিদুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর ও নীলফামারীতে দায়ের হওয়া একাধিক মামলার আসামি। কুড়িয়ে পাওয়া ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা করত তার প্রতারকচক্র।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুল ইসলাম ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতারক চক্রটি প্রথমে ঢাকা, ময়মনসিংহ, গাইবান্ধা, বগুড়া ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে বিশ্বস্ততা অর্জন করে। পরে নিজেদের নিম্ন আয়ের মানুষ পরিচয় দিয়ে কুড়িয়ে পাওয়া ডলার বিক্রির কথা বলে ভুক্তভোগীদের প্রলুব্ধ করা হয়।

ভুক্তভোগীরা এতে রাজি হলে তাদের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে চক্রের সদস্যরা পুলিশ পরিচয়ে তল্লাশির নামে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। এভাবেই তারা দীর্ঘদিন ধরে ডলার প্রতারণা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনোয়ার হোসেন এশিয়া পোস্টকে জানান, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার শাখার যৌথ প্রচেষ্টায় ডলার প্রতারক রশিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।