উত্তরের পথে যেন ঈদযাত্রা, নেমেছে যাত্রীদের ঢল

টানা কয়েকদিনের ছুটিতে কর্মের শহর ছেড়ে উত্তরবঙ্গের পথে ছুটছেন অনেকে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের চাপ দেখা গেছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে।
বুধবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি। অনেকে পর দিন বৃহস্পতিবার ছুটি নেওয়ায় শুক্রবার মিলিয়ে তিন দিন ছুটি পেয়েছেন। সরকারি চাকরিজীবী অনেকে বৃহস্পতিবার ছুটি নেওয়ার চার দিনের লম্বা ছুটি পেয়েছেন।
তারা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছেন, এতেই মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। মঙ্গলবার বিকেল থেকে যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। রাতে চন্দ্রা এলাকায় যাত্রীদের চাপ বাড়ায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বুধবার সকালে যাত্রীদের চাপ বেড়েছে আরও কয়েকগুণ।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রীর চাপ বাড়ায় চন্দ্রা এলাকার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অনেক মানুষ দাড়িয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে কিন্তু বাস পাওয়া যাচ্ছে না।

কাউসার নামে এক যাত্রী বলেন, চার দিন ছুটি পেয়েছি, ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছি। চন্দ্রায় এসে দেখি ঈদের সময়ের মতো মানুষের ঢল। স্বাভাবিক সময়ের থেকে ভাড়া বেশি নিচ্ছে, গাড়িও পাওয়া যাচ্ছে না। দুরপাল্লার গণপরিবহন নির্দিষ্ট ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া নিচ্ছে।
মিতালি নামে এক পোশাক শ্রমিক বলেন, আজ আমাদের কারখানায় সরকারি ছুটি। বৃহস্পতিবার ছুটি নিয়েছি, শুক্রবার সাপ্তাহিক ছুটি। তিন দিন ছুটি পাওয়ায় বাড়িতে যাচ্ছি। ঈদের সময় বাড়িতে গেলে যেমন আনন্দ লাগে, তেমন আনন্দ পাচ্ছি।
নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ওই বাস কাউন্টার ও মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
.png)

