logo

শেরপুরে ড্রামের ভেতরে নিহত নারীর পরিচয় মিলেছে

শেরপুরে ড্রামের ভেতরে নিহত নারীর পরিচয় মিলেছে
খালের পানিতে ভাসতে থাকা প্লাস্টিকের ড্রাম দেখতে উৎসুক জনতা। ইনসেটে নিহত নারী ঝিনুক আক্তার। ছবি: এশিয়া পোস্ট

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় থাকা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারী ঝিনুক আক্তার (২৮)। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার শাকিল-বেবী দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি প্লাস্টিকের ড্রাম খালের পানিতে ভাসতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুললে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেন। মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়। পরে মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআই। বায়োমেট্রিক ডিভাইসের সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চালানোর পর ওই নারীর পরিচয় পাওয়া যায়। তবে তার দেওয়া ঠিকানায় স্বজনদের কাউকে পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে রাতের আধারে ড্রামে ভর্তি করে মরদেহটি এখানে ফেলে যায়।

শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহের পরিচয়সংক্রান্ত একটি ঠিকানা পাওয়া গেছে। তবে, ওই ঠিকানায় গিয়ে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। দ্রুতই নিহত নারীর স্বজনদের পরিচয় ও তাদের সন্ধান পাওয়া যাবে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা এশিয়া পোস্টকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।