এক প্রকৌশলী দিয়ে চলছে দুই উপজেলার এলজিইডি

জনবল সংকটের কারণে স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে খুলনার কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যক্রম। স্থায়ী প্রকৌশলী ও একমাত্র উপসহকারী প্রকৌশলীর অনুপস্থিতিতে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার প্রকৌশলীকে দিয়ে অতিরিক্ত দায়িত্বে চলছে দুই উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি। ফলে একদিকে যেমন দাপ্তরিক কাজে অচলাবস্থা তৈরি হয়েছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামোর গুণগত কার্যক্রম।
অফিস সূত্রে জানা গেছে, গত ৬ মাসের অধিক সময় ধরে কয়রা উপজেলা প্রকৌশলীকে বদলি করা হলেও সেই স্থলে কাউকে পদায়ন করা হয়নি। সেই থেকে কয়রা উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন উপজেলা থেকে ৩০ কিলোমিটার দূরের পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব হিসেবে। অথচ পাইকগাছা উপজেলায় রয়েছে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা। অন্যদিকে কয়রা উপজেলায় রয়েছে সাতটি ইউনিয়ন। দুই উপজেলার মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব পালন করতে হচ্ছে একজন প্রকৌশলীকে।
এদিকে এলজিইডির উপজেলা পর্যায়ের প্রকৌশল দপ্তরে বিভিন্ন উন্নয়নকাজের তদারকি ও কারিগরি কার্যক্রম পরিচালনার জন্য সাধারণত একাধিক উপসহকারী প্রকৌশলীর প্রয়োজন হয়। কয়রা অফিসে জনবল সংকটের কারণে আগে মাত্র একজন উপসহকারী প্রকৌশলী কর্মরত ছিলেন। তাকেও গত ৪ নভেম্বর বদলি করে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। তার স্থলে আর কাউকে পদায়ন করা হয়নি। ফলে কয়রা অফিসে মাঠপর্যায়ের কাজ তদারকির দায়িত্ব পালনের মতো কোনো উপসহকারী প্রকৌশলী বর্তমানে নেই বলে জানা গেছে।
এ অবস্থায় কয়রা উপজেলার গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একজন প্রকৌশলীর পক্ষে দুটি উপজেলার বিপুলসংখ্যক উন্নয়ন প্রকল্পের নিয়মিত তদারকি কতটা সম্ভব, তা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, প্রয়োজনীয় প্রকৌশলী ও কারিগরি জনবল না থাকলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ কয়রা উপজেলার যোগাযোগ অবকাঠামো রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত প্রকৌশলীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কয়রা উপজেলার ঠিকাদার ইমরান হোসেন বলেন, পাইকগাছা উপজেলা প্রকৌশলী কয়রার অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তিনি সপ্তাহে মাত্র এক দিন কয়রা অফিসে আসেন। অনেক সময় সেটিও সম্ভব হয় না। ফলে উন্নয়নকাজের তদারকি, বিল-ভাউচার সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক কাজে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এভাবে একটি উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই কয়রার উন্নয়ন কর্মকাণ্ডের স্বাভাবিক গতি বজায় রাখতে আমরা দ্রুত একজন স্থায়ী উপজেলা প্রকৌশলী নিয়োগের দাবি জানাচ্ছি।
সচেতন মহলের দাবি, কয়রা এলজিইডি অফিসে দ্রুত উপজেলা প্রকৌশলী নিয়োগের পাশাপাশি প্রয়োজনীয় উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য জনবল পদায়ন করতে হবে। অন্যথায় উন্নয়ন কর্মকাণ্ডের নিয়মিত তদারকি ও বাস্তবায়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার এশিয়া পোস্টকে বলেন, কয়রা উপজেলা এলজিইডি অফিসে প্রয়োজনীয় কর্মকর্তা না থাকার বিষয়টি আমাদের নজরে রয়েছে। সম্প্রতি নতুন নিয়োগের মাধ্যমে কিছু কর্মকর্তা যোগদান করেছেন। জনবল সংকট নিরসনে কয়রা অফিসে দ্রুত একজন উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী পদায়নের উদ্যোগ নেওয়া হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।
