শিক্ষককে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় স্থানীয় যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন প্রধান শিক্ষক নুরুল আমীন রতন। এ সময় তাকে মারধর করলে তার ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, বহিষ্কারের বিষয়ে আমি আনুষ্ঠানিকভাবে অবগত নই। এ সংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি।