logo

দুর্বৃত্তদের গুলিতে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

দুর্বৃত্তদের গুলিতে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) একই ইউনিয়নের মো. হাফেজ প্রামাণিকের ছেলে। আহত অন্যরা হলেন সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী মেরিনা (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতকারীরা ব্রাশফায়ার ও শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী-পুরুষসহ ১০ জন গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের ধারণা, বালু উত্তোলনকে কেন্দ্র করে চলমান বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত হতে পারে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।