logo
Advertisement

ভোলায় নৌকাডুবি, বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

এশিয়া পোস্ট নিউজ,ভোলা
ভোলায় নৌকাডুবি, বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড
উদ্ধার বাবা-ছেলে। ছবি: এশিয়া পোস্ট

ভোলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান শেষে উদ্ধারকৃত নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোল্দারের ছেলে মো. আলমগীর গোল্দার (৪৫) এবং তার ছেলে মো. মিজানুর রহমান (১৩)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে মেঘনা নদীতে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড স্টেশন ইলিশার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদস্যরা তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেন। পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে দুই জেলেসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, নদীতে যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় কোস্টগার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা বজায় থাকবে।

বিষয় :