চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সঙ্গে ছিল হারিকেন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় চার স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এর মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন মিছিলের মতো কর্মসূচিও ছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়। স্থানীয় পর্যায়ে খোঁজখবর নিয়ে এসব মিছিলের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এশিয়া পোস্টের নজরে আসা চারটি পৃথক স্থানের মিছিলের মধ্যে প্রথম মিছিল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাটহাজারীতে হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি তালুকদার পারভেজ আনসারীর নেতৃত্বে হারিকেন হাতে এই মিছিল হয়। মূলত বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে উত্তর জেলা ছাত্রলীগ।
এর বাইরে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরের জিইসি ও দুপুরে দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারের বিক্ষোভ মিছিল হয়েছে। জিইসি এলাকার মিছিলটি আজ সকালে এবং দুই নম্বর গেট, লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিল দুটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে।
জিইসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন। দুই নম্বর গেটের মিছিলটি শুরু হয় একদম মোড় থেকে। সেই মিছিলেও শতাধিক নেতাকর্মী অংশ নেয়। দুই মিছিলেই এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারীরা অংশ নেয়।

অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগারপাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। এই মিছিলটিতে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারীরা অংশ নেয়।
হঠাৎ একযোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের মিছিলের কারণ নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
মিছিলের পর চট্টগ্রামের মূল সড়কগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। নগরের পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা তদন্ত করছি। মিছিলগুলোর ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’