মনপুরায় লোকালয়ে চলে এলো ২৫ কেজির চিত্রা হরিণ

ভোলার মনপুরা উপজেলায় লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামের বাতানখালি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হরিণটিকে হঠাৎ লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নদী ও বনসংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করলেও হরিণটি বনের দিকে ফিরে যাচ্ছিল না। পরে স্থানীয় লোকজন সেটিকে আটকে রেখে বন বিভাগে খবর দেন। তথ্য পেয়ে বন বিভাগের মনপুরা পচাকোড়ালিয়া বিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় হরিণটি উদ্ধার করেন।
বন বিভাগের ধারণা, গত কয়েক দিন ধরে মেঘনা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের সংরক্ষিত বন থেকে ভেসে এসে লোকালয়ে আটকা পড়েছিল হরিণটি।
মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, উদ্ধার হওয়া হরিণটি একটি পূর্ণবয়স্ক চিত্রা হরিণী। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে দেখা গেছে, এটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। বিকেলের মধ্যেই হরিণটিকে মনপুরার চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
.png)






