কেরানীগঞ্জে আড়াই ঘণ্টায় পাঁচ স্থানে ১২ ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাকার কেরানীগঞ্জে একই রাতে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। আড়াই ঘণ্টার ব্যবধানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর গার্মেন্টসপল্লিতে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত সোয়া ৯টার দিকে রুহিতপুর এলাকায় দুটি এবং রাত সাড়ে ৯টার দিকে আগানগর সিনেমা হলের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।
এরপর রাত সোয়া ১০টার দিকে জনি টাওয়ার এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে কদমতলী এলাকায় কাচ্চি ভাই রেস্তোরাঁর সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। সব মিলিয়ে পাঁচটি স্থানে ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর পূর্ব আগানগরের গার্মেন্টসপল্লি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে রুহিতপুর এলাকায় বিস্ফোরণের ঘটনায় মোকসেদ নামের একজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে দিয়েছেন। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।
রুহিতপুরে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক।

