স্বামীর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

ময়মনসিংহের ত্রিশালে স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার ফারুক আহমেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বামী-স্ত্রী দুজন মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় থাকা ওড়নাটি মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আশপাশের লোকজন মহাসড়কে পড়ে আহত হওয়া স্বামী ফারুক আহমেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


