logo

আলু সংরক্ষণের ভাড়া না কমালে সারা দেশে কঠোর কর্মসূচি

আলু সংরক্ষণের ভাড়া না কমালে সারা দেশে কঠোর কর্মসূচি
ছবি: সংগৃহীত

সারা দেশে কোল্ড স্টোরেজে (হিমাগার) আলু সংরক্ষণের বাড়তি ভাড়া আদায় বন্ধ এবং প্রতি কেজিতে সর্বোচ্চ ৫ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। দাবি মেনে নেওয়া না হলে আগামী ২১ জুন দেশের সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১২টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ছামিউল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, দেশের প্রায় ৪২টি জেলায় আলু উৎপাদিত হয়। চলতি বছর আলুর বাম্পার ফলন হলেও কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর মধ্যে কোল্ড স্টোরেজ মালিকেরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রতি বছর ভাড়া বাড়িয়ে চলেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তরের ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে ৫০ কেজির একটি বস্তার ভাড়া হয় প্রায় ৩৩৮ টাকা ৭৫ পয়সা। তবে হিমাগার মালিকেরা সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে ৬০ থেকে ৬৫ কেজির প্রতি বস্তায় ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করা হয়।

সংগঠনের নেতারা বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে আলুচাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে এর প্রভাব পড়ছে বাজারে, ফলে ভোক্তাদেরও বেশি দামে আলু কিনতে হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আলু উৎপাদন, পরিবহন, শ্রমিকের মজুরি ও বস্তার মূল্য মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন ব্যয় দাঁড়ায় প্রায় ১৩ টাকা। এর সঙ্গে হিমাগারের অতিরিক্ত ভাড়া যুক্ত হলে কৃষকদের লাভের সুযোগ কমে যায়।

এ পরিস্থিতিতে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারি করে সারাদেশে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। আগামী সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ জুন দেশের সব জেলায় মানববন্ধন এবং উপজেলা পর্যায়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি এ কে এম রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক সুরজ কুমার বর্মণ, কোষাধ্যক্ষ রুহুল আমীন, সদস্য আব্দুর রশিদসহ বিভিন্ন জেলা শাখার সভাপতি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।