ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৫০ বাংলাদেশি

এশিয়া পোস্ট নিউজ, যশোর
ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৫০ বাংলাদেশি
ছবি : সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই) রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের প্রশাসনিক ও সীমান্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক এসব বাংলাদেশি নাগরিককে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের প্রত্যাবাসনের নির্দেশ জারি করা হয়।

গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়াগামী ট্রেনে করে তাদের পশ্চিমবঙ্গে আনা হয়। পরে পেট্রাপোল সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তরের পর দুই দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকা অনুযায়ী প্রত্যাবাসন হওয়া ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

প্রাপ্ত তালিকায় দেখা যায়, ফিরে আসা ব্যক্তিদের বেশিরভাগই যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। প্রত্যেকের নামে পৃথক ট্রাভেল পারমিট ইস্যু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত অনুমোদনের ভিত্তিতেই তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর বাংলাদেশি সংস্থাগুলো তাদের পরিচয় ও ঠিকানা পুনরায় যাচাই করছে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর জন্য বেনাপোল পোর্ট থানা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের থানায় নিয়ে আসা হবে। পরবর্তীতে স্থানীয় বিভিন্ন এনজিও সংস্থা তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করবে।

অধিকার বিষয়ক এনজিও সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানিয়েছেন, দেশে ফেরত আসারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় ভারতে গিয়েছিলেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা পুলিশের হাতে আটক হন। ২ থেকে ৫ বছর সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ২৫ জন এবং ‘রাইটস যশোর’ ২৫ জনকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করবে।

বিষয় :যশোর