logo

আবার সংসদে প্রতিনিধিত্ব করবেন হেলেন জেরিন, তৃণমূলে উল্লাস

আবার সংসদে প্রতিনিধিত্ব করবেন হেলেন জেরিন, তৃণমূলে উল্লাস

মাদারীপুর থেকে আবারও সংসদ সদস্য হতে যাচ্ছেন হেলেন জেরিন খান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। হেলেন জেরিন এর আগে অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করেন।

সোমবার (২০ এপ্রিল) বিএনপি মনোনীতদের তালিকায় হেলেন জেরিনকে রাখায় মাদারীপুরে শুরু হয়েছে উল্লাস। উচ্ছাস প্রকাশ করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

হেলেন জেরিন খান জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক। তিনি ১৯৯১ সালে ইডেন কলেজছাত্রী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তাকে মনোনীত করার খবরে সোমবার দুপুরে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। দুপুরে শহরের শকুনী লেক এলাকার মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হেলেন জেরিন খানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ, জেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া সুলতানাসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মাদারীপুর মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু এশিয়া পোস্টকে বলেন, হেলেনা আপা রাজনীতিতে মাদারীপুরের প্রাণ। তিনি নারী নেতৃত্বে বিরাট ভূমিকা রেখেছেন। অসহায় নারীদের জন্য তিনি কাজ করে গেছেন। তিনি আছেন বলে মাদারীপুরে নারী নেতৃত্ব টিকে আছে। তাকে মনোনীত করায় মাদারীপুরবাসী অনেক আনন্দিত।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু বলেন, আপার হাত ধরেই আমরা রাজনীতিতে এসেছি। তার সাহস ও অনুপ্রেরণা মাদারীপুরে বিরাট ভূমিকা রেখেছে। তিনি একজন কর্মীবান্ধব নেত্রী।