রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষের সময়ে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
এ মামলায় শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক বাকি আসামিরা হলেন—মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আঙ্গির মন্ডল, পলাশ মন্ডল ও ওলাদ হোসেন। তারা সদর উপজেলার খামারইল ও বিষয়খালী এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে—নির্বাচনি কার্যক্রমকে কেন্দ্র করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাশেদ খানের কার্যালয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়। এতে কালীগঞ্জ থানার তিন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনার মামলা দায়েরের পর শনিবার বিকেলে পুলিশ বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।