অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে তরুণীর ছুরিকাঘাত

অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে বিরোধের জেরে খুলনায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণ অনিক হাসনাত মুন্না (১৯) ঝিনাইদহের শৈলকূপা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী।
অভিযুক্ত ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তিনি নগরীর সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে সোমবার সকালে আলমনগর বাজারের কাছে পালপাড়া এলাকায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ববি বাসায় ব্যবহারের একটি ছোট ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন। এতে তিনি আহত হন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, অনিক ও ববি দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং সহপাঠী। প্রেমের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। অভিযুক্ত তরুণী কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান তিনি। তবে ছুরিকাঘাতে অনিক গুরুতর আহত হননি।
তিনি আরও জানান, ঘটনার পর অনিক থানায় এসে বিষয়টি জানান। তবে তিনি ববির বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দিতে চাননি। উভয় পক্ষের অভিভাবকেরা থানায় উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

