সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি যুবদল নেতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লব নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে।
সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক শুক্রবার দুপুরে একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে এক যুবক তাদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকেরা নিজেদের জরুরি পরিষেবার আওতাভুক্ত উল্লেখ করে গাড়িটি ইজারার আওতামুক্ত বলে জানান। এরপর ওই যুবক গাড়িটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।
অভিযোগ রয়েছে, পরে বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং চাঁদা দাবি করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারধর করতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোরও চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে বকাঝকা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য ইজারা বাতিলের কথা জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান দুঃখ প্রকাশ করে বলেন, আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করার জন্য বলেছি।