logo

ফরিদপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই
ছিনতাইয়ের শিকার রবিউল আউয়াল আলফাদ। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের মধুখালী উপজেলায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (১৪ জুন) জেলা সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহাম্মদ আজম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ছিনতাইয়ের শিকার রবিউল আউয়াল আলফাদ একমি ওষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি। তিনি নওপাড়া বাজারসহ বিভিন্ন ফার্মেসি থেকে বকেয়া টাকা সংগ্রহ করেন। বাগাট বাজারের দিকে যাওয়ার পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় দুইটি মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তাকে কুপিয়ে জখম করে তিন লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

রবিউল আউয়াল আলফাদ বলেন, আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা আমাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি মধুখালী থানায় অভিযোগ দিয়েছি।

জেলার সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহাম্মদ আজম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের খুঁজে বের করার জন্য অভিযান চালানো হবে।