logo
Advertisement

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ
ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার ২
ছবি: এশিয়া পোস্ট

নাটোরের লালপুরে ব্যাংক থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন জেসমীন নাহার নামে এক নারী। তবে ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেরপুরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া পৌনে দুই লাখ টাকাসহ ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে লালপুর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন—পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা গ্রামের আলমাস আলীর ছেলে সবুজ আলী (২৫) এবং নাটোরের লালপুর উপজেলার ভাদুর বটতলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহাগ আলী (২৪)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে লালপুর বাজারের ‘ডাচ-বাংলা ব্যাংক’ শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন জেসমীন নাহার। পরে সেই টাকা নিজের ভ্যানিটি ব্যাগে রেখে একটি অটোভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বৈদ্যনাথপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনের ফাঁকা সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক চলন্ত ভ্যান থেকে তার ব্যাগটি টান মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর লালপুর থানা পুলিশ দ্রুত তদন্তে নামে। পরে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে সড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদ সম্মেলনে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবারই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয় :