রাজহাঁসের পা ভাঙার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার, হাঁস নিয়ে থানায় নারী

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
রাজহাঁসের পা ভাঙার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার, হাঁস নিয়ে থানায় নারী
ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রাজহাঁসের পা ভেঙে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে সুরমা (২০) নামের এক নারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) দুপুরের এ ঘটনায় ভুক্তভোগী নারী হাঁস নিয়েই শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাড়ৈখালি এলাকার বাসিন্দা সুরমার একটি রাজহাঁস প্রতিবেশী বিবাদীর বাড়িতে গেলে সেটির পা ভেঙে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ করতে গেলে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন।

আহত সুরমা জানান, ঘটনার পর তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিল্টন দত্ত জানান, সুরমা নামে ওই নারী হাঁস নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।