মৌলভীবাজারে লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের সিরাজনগর লামুয়া এলাকা থেকে অজগরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
স্থানীয় সূত্রে জানা যায়, লামুয়া এলাকার বাসিন্দা কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় বিশাল আকারের অজগরটি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন। এ সময় চাউতলি বন বিটের কর্মকর্তা সুব্রত সরকার উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা অজগরটি আনুমানিক ১২ ফুট লম্বা। সাপটি শারীরিকভাবে সুস্থ রয়েছে। এটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে অজগরটিকে বনে অবমুক্ত করা হবে।


