logo

এবার এ্যানির নির্বাচনি গাড়ি থেকে বিপুল টাকাসহ সহকারী আটক

এবার এ্যানির নির্বাচনি গাড়ি থেকে বিপুল টাকাসহ সহকারী আটক

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে বিপুল টাকাসহ ব্যক্তিগত সহকারী এবং খালাতো ভাই বদরুল আলম শ্যামলকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর গাড়িতে ১৫ লাখ টাকা পরিবহনের সময় তাকে আটক করা হয়।

তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন। 

জানা গেছে, আধা ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তার সহকারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, সন্ধ্যায় জেলা সদরের ঝুমুর গোলচত্বর এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাতো ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনি গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে। 

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, এ ঘটনায় সহকারীকে আটক করেছে সেনাবাহিনী। একই সঙ্গে আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ নির্বাচন সংশ্লিষ্ট দলীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

পরবর্তীতে গাড়িসহ টাকা আটক রেখে শ্যামলকে সাময়িক ছেড়ে দেওয়া হয়েছে।