logo

নিঝুম দ্বীপে বিশুদ্ধ পানির অভাবে লোকালয়ে হরিণ

নিঝুম দ্বীপে বিশুদ্ধ পানির অভাবে লোকালয়ে হরিণ

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে বিশুদ্ধ পানির অভাবে তিনটি হরিণ লোকালয়ে চলে আসে। পরে সেগুলো উদ্ধার করে চরে অবমুক্ত করেছে বন বিভাগ। শনিবার (২৮ মার্চ) দুপুরে হাতিয়ার চর ইউনুস থেকে হরিণগুলোকে উদ্ধার করে ওইদিন বিকেলে চর কালামে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নিঝুম দ্বীপে বর্তমানে বিশুদ্ধ পানির সংকট চরমে। জোয়ারের পানির তোড়ে বনে লবণাক্ত পানি প্রবেশ করায় হরিণের বিশুদ্ধ খাওয়ার পানির সংকটের ফলে চর ইউনুসের লোকালয়ে হরিণ চলে আসে। পরে নিঝুম দ্বীপের দক্ষিণে চর কালামে সেগুলো অবমুক্ত করা হয়।  

স্থানীয় বাসিন্দারা বলেন, হাতিয়ার স্থানীয় চরাঞ্চল এলাকায় হরিণ পানির খোঁজে ঘুরছে- যা দৃষ্টিনন্দন দৃশ্যের পাশাপাশি এলাকায় মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। এই সংকট শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং স্থানীয় জীববৈচিত্র্য ও পর্যটন ক্ষেত্রের জন্যও উদ্বেগের বিষয়। এই সংকটের কারণে একসময় নিঝুম দ্বীপের এই বনে হরিণ বিলুপ্ত হয়ে যেতে পারে। 

নিঝুম দ্বীপ রেঞ্জের বিট কর্মকর্তা রুহুল আমিন বলেন, জোয়ারের কারণে লবণাক্ত পানি নিঝুম দ্বীপের নিন্মাঞ্চলে প্রবেশ করায় হরিণগুলো পানির খোঁজে লোকালয়ে চলে আসে। খবর পেয়ে চর ইউনুস থেকে হরিণগুলো উদ্ধার করে চর কালামে বনে ছেড়ে দেওয়া হয়েছে।