logo

প্রকৃতির রানি খাগড়াছড়িতে ‘স্বর্গের সিঁড়ি’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
প্রকৃতির রানি খাগড়াছড়িতে ‘স্বর্গের সিঁড়ি’
খাগড়াছড়ির কয়েকটি দর্শনীয় স্থান। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

সবুজ পাহাড়, ঝিরি-ঝরনা ও নয়নাভিরাম উপত্যকা ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি। প্রকৃতির রানি খ্যাত এই জেলায় বছরের প্রতিটি সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটি, সরকারি বন্ধ কিংবা সামাজিক উৎসব ঘিরে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ে ভ্রমণপিপাসুদের।

খাগড়াছড়ির অন্যতম আকর্ষণ আলুটিলা পর্যটন কেন্দ্র। পাহাড়ের ভেতরে রহস্যময় সুড়ঙ্গ, নান্দনিক স্থাপনা ও পাহাড়চূড়ার মনোমুগ্ধকর দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। আলুটিলার চূড়ায় দাঁড়িয়ে পাখির চোখে খাগড়াছড়ি শহর দেখলে মুহূর্তেই মন প্রশান্তিতে ভরে ওঠে।

আলুটিলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে গেলেই দেখা মেলে পাহাড়ের বুক চিরে কলকল শব্দে নেমে আসা রিসাং ঝরনার। ঝরনার শীতল জলধারা ও সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য পর্যটকদের মনে এনে দেয় ভিন্ন এক প্রশান্তি।

সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী নদীর পাড়ে বসে মুক্ত বাতাসে এক কাপ চা হাতে সময় কাটানো যেন অন্যরকম অনুভূতি। আরও আছে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার মায়াকপাল এলাকায় আকাশছোঁয়া পাহাড়ের সঙ্গে সংযোগ সিঁড়ি, যা ‘স্বর্গের সিঁড়ি’ নামে পরিচিত।

জেলা শহরের পাশেই বিস্তীর্ণ জায়গাজুড়ে গড়ে উঠেছে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। সেখানে রয়েছে লেক ও দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু। মানিকছড়ি উপজেলার প্রকৃতি অক্ষুণ্ন রেখে নির্মিত ডিসি পার্ক এবং মাটিরাঙ্গা উপজেলার শতবর্ষী বটগাছও দর্শনার্থীদের কাছে সমান জনপ্রিয়।

খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ি সড়ক বেয়ে রাঙামাটির সাজেক ভ্যালির পথে যাত্রা যেন এক স্বপ্নময় অভিজ্ঞতা। পথের বাঁকে বাঁকে ঝরনা ও জীববৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে।

ট্যুরিস্ট পুলিশ খাগড়াছড়ি জোনের উপপরিদর্শক মো. কোরবান আলী জানান, খাগড়াছড়িতে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়মিত টহল চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফেসবুক পেজ ও হটলাইন নম্বরে যোগাযোগ করলে জরুরি টিম দ্রুত সেবা দিয়ে থাকে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার সাদাত বলেন, পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র আলুটিলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। বিভিন্ন পর্যটন স্পটে পুলিশের পাশাপাশি সিভিল পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পর্যটকদের থাকা-খাওয়া বা অন্য যে কোনো সমস্যায় প্রশাসন দ্রুত সহায়তা প্রদান করছে।